করোনা পজিটিভ, আইসিইউতে অপূর্ব

অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা নিচ্ছেন।

রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে মঙ্গলবার দিবাগত রাত ১টায় দিকে তাকে নিয়ে যাওয়া হয়। তখন চিকিৎসকেরা জনপ্রিয় অভিনেতাকে দ্রুত আইসিইউতে নেওয়ার পরামর্শ দেন।

ডা. মহিউদ্দিন আহমেদের তত্ত্বাবধানে রয়েছেন অপূর্ব। সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা মিজানুর রহমান আরিয়ান।

তিনি জানান, কয়েক দিন ধরে অপূর্বর জ্বর জ্বর ভাব ছিল। দুদিন আগে করোনা পজিটিভ রেজাল্ট আসে। মঙ্গলবার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা বেশ কয়েকটি পরীক্ষা করান। রক্তে কয়েকটি ইনফেকশন ধরা পড়ে, যার ফলে তাকে দ্রুত আইসিইউতে ভর্তি করানোর পরামর্শ দেন চিকিৎসকেরা।

অপূর্বর সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন আরিয়ান।

এ অভিনেতাকে সর্বশেষ ঈদে দুই ডজনের মতো নাটকে দেখা যায়। এর পর খানিকটা বিরতি নিয়ে ক্যামেরার সামনে ফেরেন অপূর্ব।  সপ্তাহ খানেক আগে সাগর জাহানের একটি নাটকে অভিনয় করেন।