গোদাগাড়ীতে অতিরিক্ত মদপানে যুবকের মৃত্যু, দুজন হাসপাতালে

রাজশাহীর গোদাগাড়ীতে অতিরিক্ত মদপানে সেলিম রেজা (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে খবর পা্ওয়া গেছে।

বুধবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সেলিম গোদাগাড়ী উপজেলার মাটিকাটা মল্লিক পাড়া গ্রামের নিজাম উদ্দীনের ছেলে। একই সঙ্গে মদপান করে আরও দুজন অসুস্থ হয়ে পড়ায় তাদেরকেও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিকিৎসাধীন দুজন হলেন- মাটিকাটা ভাটা এলাকার ধুলুর ছেলে জিয়াউল (৩৫) ও আঁচুয়া ভাটা গ্রামের আব্দুর রশিদের ছেলে গোলাম রাব্বানী (৪০)।

রামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ উপপরিদর্শক রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করে বলেন, মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে ওই ৩ জনকে রামেক হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। সকাল ১০টার দিকে সেলিমের মৃত্যু হয়।

মৃত সেলিমের স্বজনরা জানিয়েছেন, তারা অতিরিক্ত মদপান করেছিলেন। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।