দুই যুগ ধরে রিপাবলিকান দুর্গ হিসেবে গড়ে উঠে অ্যারিজোনায় হানা দিয়েছে ডেমোক্র্যাট। ইলেক্টোরাল ভোটে অঙ্গরাজ্যটিতে জিততে চলেছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।
বুধবার বার্তা সংস্থা এপি জানিয়েছে, ৭০ লাখের বেশি জনসংখ্যার অ্যারিজোনায় ১১টি ইলেক্টোরাল ভোট আছে, যার সবকয়টিই বাইডেনের ঝুলিতে যাচ্ছে অনেকটা নিশ্চিত হয়েছে।
আগাম ভোটে রেকর্ড গড়ে যুক্তরাজ্যের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্যটি। মঙ্গলবার নির্বাচনের আগেই ২৬ লাখ মানুষ আগাম ভোট দিয়ে দেয়।
১৯৯৬ সাল থেকে রিপাবলিকান সমর্থিত অ্যারিজোনায় প্রতিবারই তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে হেরে হেলেও এবার জেতার ব্যাপারে অটল ছিলেন ডেমোক্র্যাটরা।
মঙ্গলবার রাতে মার্কিন চ্যানেল ফক্স নিউজ সূত্রে জানায়, অঙ্গরাজ্যটি রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের হাতছাড়া হয়ে গেছে।
অ্যারিজোনা ধরে রাখার জন্য গত সপ্তাহে অঙ্গরাজ্যটিতে নির্বাচনী প্রচারণা চালান বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স।
একই সময়ে সেখানে প্রচারণায় অংশ নেন ডেমোক্র্যাট প্রার্থী বাইডেন এবং তার ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস।
ল্যাটিনো জনসংখ্যার অঙ্গরাজ্যটিতে এবারে পরিবর্তন আসতে চলেছে এমনটি উঠে এসেছিল বেশ কয়েকটি বিশ্লেষণে।
ট্রাম্প প্রশাসনের বিভাজন নীতি এবং করোনা পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থতার জন্য অনেক ভোটার এবার বাইডেনের পক্ষে ভোট দিয়েছেন। এ ছাড়া ট্রাম্পের নেতৃত্ব নিয়েও সন্তুষ্ট ছিল না অ্যারিজোনার মানুষ।