রাজপথে না আসলে মুক্তি মিলবে না: মান্না

জনগণকে রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, গণতন্ত্রের জন্য লড়াই-সংগ্রাম করতে রাজপথে আসেন। ভয় পাবেন না, রাজপথে না আসলে মুক্তি মিলবে না আপনাদের।

বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে গণতান্ত্রিক ফোরামের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে তিনি এই আহ্বান জানান।

মান্না বলেন, আওয়ামী লীগ মানে জুয়া ও নারী ধর্ষণকারী দল। আওয়ামী লীগ যে গণতন্ত্রের, আন্দোলনের, নির্বাচনের দল ও মুক্তিযুদ্ধের দল ছিল, সেই দল আর নাই। বাংলার জনগণ বাঁচতে চাইলে কাজ একটাই, এই সরকারকে বিদায় করে দেন।

তিনি বলেন, নূর হোসেন নভেম্বর মাসে বুকে লিখেছিল স্বৈরাচার নিপাত যাক, আর পিঠে লিখেছিল গণতন্ত্র মুক্তি পাক। গুলি করে তখনকার সরকার তাকে মাটিতে শুইয়ে দিয়েছে। আপনারা যতই বক্তৃতা করেন সমাধান হচ্ছে গণতন্ত্র উদ্ধার করা।

আয়োজক সংগঠনের সভাপতি ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বিএনপির সহ তথ্য বিষয়ক সম্পাদক কাদের গনি চৌধুরী, সহ প্রান্তিক বিষয়ক সম্পাদক অপর্ণা রায়, নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার, রাজিয়া আলম, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের সদস্যসচিব আব্দুর রহিম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহ সভাপতি ফরিদ উদ্দিন, সংগঠনের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সিরাজী, কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।