ফল ঘোষণার আগেই শ্বশুরবাড়ি থেকে অভিনন্দন পেলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নির্বাচনে চূড়ান্ত ফল আসার আগেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জয়ের জন্য অভিনন্দন জানিয়েছে শ্বশুরবাড়ির দেশ স্লোভেনিয়া।

মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের দেশ স্লোভেনিয়া। দেশটির প্রধানমন্ত্রী ইয়ানেস জানেসা এক টুইটে ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন।

তিনি বলেন, ‘আমেরিকার জনগণ স্পষ্টতই নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প এবং মাইক পেন্সকেই আরও চার বছরের জন্য নির্বাচিত করেছে।’

এদিকে মার্কিন নির্বাচনে এ মুহূর্তে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। মেইলে আসা লাখ লাখ আগাম ভোট গণনা হওয়া বাকি। গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যগুলোর ফলাফল এখনো অস্পষ্ট।

যদিও আগেভাগেই নিজের জয় দাবি বসে আছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ডেমোক্র্যাটের বিরুদ্ধে ভোট চুরির চেষ্টার অভিযোগও করেন তিনি। এর জন্য সুপ্রিম কোর্টে যাওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।

ট্রাম্পের সঙ্গেই সুর মিলিয়েছেন ইয়ানেস জানেসা।  ফলাফলে দেরি করে ট্রাম্পের বড় ধরনের চূড়ান্ত বিজয়কে অস্বীকার করা হচ্ছে বলে মন্তব্য করেন স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী।

এদিকে প্রথম দিকে পাওয়া অঙ্গরাজ্যের ইলেক্টোরালগুলোতে বর্তমান প্রেসিডেন্ট রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প থেকে এগিয়ে রয়েছেন ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন।

ফক্স নিউজ জানিয়েছে, পঞ্চাশটি অঙ্গরাজ্যের বেশিরভাগ ফলাফলে দেখা গেছে ৪৫১ টি ইলেক্টোরালের মধ্যে ২৩৮ টি গেছে বাইডেনের ঘরে, ২১৩ টি পেয়েছেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট হওয়ার জন্য ৫৩৮টি ইলেক্টোরাল কলেজের জন্য লড়েছেন প্রার্থী দু’জন। জয় পেতে দরকার দুই-তৃতীয়াংশ ইলেক্টোরাল, অর্থাৎ ২৭০টি।