নিখোঁজ কলেজছাত্র প্রান্তকে উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় পরিবার

চট্টগ্রামে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হওয়া কলেজছাত্র প্রান্ত ভট্টাচার্য অনিককে (১৮) ফিরে পেতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে পরিবার।

বুধবার চট্টগ্রাম প্রেস ক্লাবে নিখোঁজ কলেজছাত্র প্রান্ত’র পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়। প্রান্ত নগরীর সরকারি কমার্স কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

প্রান্তর বাবা ত্রিদীপ কুমার ভট্টাচার্য সংবাদ সম্মেলনে বলেন, গত ২৬ জুন সকালে হাফ প্যান্ট আর টি শার্ট পরে নগরীর ইকবাল রোডের ফাতেমা মঞ্জিলের বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি প্রান্ত। আমরা আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও না পেয়ে কোতোয়ালি থানায় নিখোঁজ ডায়েরি করি। এরপর থেকে আমরা প্রশাসনের সব জায়গায় ধরনা দিয়েছি। পুলিশ, র‌্যাব, পিবিআই, ডিবি সবার কাছে গিয়েছি। সবাই চেষ্টা করছেন এবং করে যাচ্ছেন বলে আমাদের বিশ্বাস। কিন্তু সবার চেষ্টার পরও আমরা আমাদের সন্তানকে এখনো ফিরে পাইনি।

সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়েন প্রান্তর মা লাকি ভট্টাচার্য। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, ৪ মাস ১০ দিন হলেও আমার ছেলেকে ফিরে পাইনি। আমার ছেলে একটা রাতও কোনো দিন একা বাইরে কাটায়নি। করোনা শুরুর পর থেকে কোনদিন বাসা থেকে বের হয়নি। সেদিন একটু নিচ থেকে আসি বলে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। সে কোন টাকা পয়সা এমনকি তার ব্যবহৃত মোবাইলও সঙ্গে নিয়ে যায়নি।

তিনি আরও বলেন, আমরা আজ বড় অসহায়। আমার ছেলের কোন সন্ধান পাচ্ছি না। পুলিশ র‌্যাব কেউ ছেলের সন্ধান দিতে পারছে না। আমরা মাননীয় প্রধানমন্ত্রী ও  স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমাদের একমাত্র ছেলেকে উদ্ধারে হস্তক্ষেপ কামনা করছি।