ভিয়েনায় হামলার ঘটনায় গ্রেপ্তার ১৪

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় একাধিক সন্ত্রাসী হামলার ঘটনায় ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার অস্ট্রিয়ান পুলিশের পক্ষ থেকে এমনটি জানানো হয়। এই হামলার দায় স্বীকার করে নিয়েছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।

গত সোমবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার ছয়টি ভিন্ন ভিন্ন জায়গায় সশস্ত্র বন্দুকধারীরা হামলা চালিয়ে চারজনকে হত্যা করেছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ২২ জন। পুলিশের পাল্টা গুলিতে নিহত হয়েছে এক হামলাকারী। জানা গেছে, ২০ বছর বয়সী ওই হামলাকারী গত ডিসেম্বরে জেল থেকে মুক্তি পেয়েছিল।

অস্ট্রিয়ান চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জ বলেন, নিহতদের মধ্যে একজন বয়োজ্যেষ্ঠ নারী, পুরুষ, যুবক এবং একজন রেস্টুরেন্ট কর্মী। অস্ট্রিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কার্ল নেহমার এদিন বলেন, আমরা নিশ্চিত, কোনো জঙ্গি সংগঠনই এই হামলা চালিয়েছে।

এদিকে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) ভিয়েনায় সন্ত্রাসী হামলার দায় স্বীকার করেছে। এক বিবৃতিতে কোনো প্রমাণ না দিয়ে কমপক্ষে চারজনকে হত্যা এবং ২২ জনকে আহত করেছে বলে তারা দাবি করেছে।