নড়াইল উপজেলা চেয়ারম্যানের পক্ষে-বিপক্ষে কর্মসূচি

নড়াইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলুর বিরুদ্ধে ‘অপপ্রচার ও ষড়যন্ত্রের’ প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ হয়েছে। গতকাল বুধবার বিকেলে নিলুর সমর্থকরা চার শতাধিক মোটরসাইকেল নিয়ে শহরে বিক্ষোভ মিছিল করেন।

পরে শহরের পুরাতন টার্মিনাল সংলগ্ন বঙ্গবন্ধু চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক হাফিজ খান মিলন, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক দেবাশীষ কুন্ডু মিঠুল প্রমুখ।

বক্তারা বলেন, একটি পক্ষ আওয়ামী লীগের সুনাম নষ্ট করার জন্য নিজাম উদ্দিন খান নিলুর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তারা ব্যক্তিগত স্বার্থে আওয়ামী লীগের ক্ষতি করছে।

অন্যদিকে এর আগে বেলা ১১টার দিকে নিজাম উদ্দিন খান নিলুর বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ এনে অপর একটি পক্ষ মানববন্ধনের চেষ্টা করলে পুলিশের হস্তক্ষেপে তা ভেস্তে যায়। নড়াইল প্রেস ক্লাবের সামনে নড়াইলবাসীর ব্যানারে মানববন্ধন করার প্রস্তুতি নিলে পুলিশ এসে মানববন্ধনকারীদের নিবৃত্ত করেন।