রাজধানীর ধানমন্ডির কাজী নজরুল ইনস্টিটিউটের এক অফিস সহকারীকে ছুরিকাঘাত করে তার লকারে থাকা টাকা-পয়সা লুট করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার দুপুর ১টার দিকে ইনস্টিটিউটের অফিস কক্ষ থেকে ইলিয়াস হোসেন (৫৩) নামে ওই ব্যক্তিকে উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হয়।
নজরুল ইনস্টিটিউটের সচিব মো. আব্দুর রহিম দেশ রূপান্তরকে বলেন, ‘ইনস্টিটিউটে নজরুলের বই ও সিডিসহ বিভিন্ন ধরনের আইটেম বিক্রি করা হয়। ওই বিক্রয় কেন্দ্রের সহকারী হিসেবে দায়িত্ব পালন করছিলেন ইলিয়াস। ঘটনার সময় দুপুরের খাবার ও নামাজের বিরতি চলছিল। ইনস্টিটিউটটির প্রধান ফটক তখন বন্ধ ছিল। অন্য স্টাফরাও বাইরে ছিলেন। এরই মধ্যে কে বা কারা তাকে ছুরিকাঘাত করে তার লকারে থাকা টাকা-পয়সা লুট করে নিয়ে গেছে। সেখানে কত টাকা ছিল কিংবা হামলাকারী কে সে বিষয়ে কিছুই জানা যায়নি।’ ধানমন্ডি থানার ওসি ইকরাম আলী মিয়া জানান, ইনস্টিটিউটের ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।