ঝিনাইদহের শৈলকুপা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শিকদার মোশাররফ হোসেন (সোনা শিকদার) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল বুধবার সকালে ঝিনাইদহ সদর হাসপাতালে হৃদক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টু। তিনি জানান, সকালে নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সোনা শিকদার। পরিবারের সদস্যরা তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সোনা শিকদারের বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পরে জানাজা শেষে বাদ জোহর রাষ্ট্রীয় মর্যাদায় তাকে শৈলকুপা পৌর এলাকার খালকুলা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
রাজনৈতিক জীবনের শুরুতে সোনা শিকদার জাসদ করতেন। ১৯৮৩ সালে তিনি আওয়ামী লীগে যোগ দেন। ১৯৯০ সালে শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে ১৭ বছর দায়িত্ব পালন করেন।