যেভাবে জিতে যেতে পারেন ট্রাম্প

মার্কিন নির্বাচনে দ্বিতীয়বারের মতো জয় পেয়ে যেতে পারেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন এগিয়ে আছেন অনেক। তার পক্ষেই সহজ হোয়াইট হাউসে আগামী চার বছরের জন্য বাস করা। তবে সুযোগ রয়েছে ট্রাম্পেরও।  

ট্রাম্পকে ২৭০টি ইলেকটোরাল ভোট পেতে হলে জর্জিয়া (১৬), নর্থ ক্যারোলিনা (১৫), পেনসিলভিনিয়া (২০) এবং অ্যারিজোনা (১১) বা নেভাদায় (৬) জয় পেতে হবে।

সর্বশেষ খবর অনুযায়ী জর্জিয়ার সব ভোট গণনা হবে, ফলে রাতভর গণনা চলবে। সেখানে ট্রাম্পের এগিয়ে থাকার ব্যবধান কমে সবশেষ ২৪ হাজার ভোটে এসে ঠেকেছে।

নেভাদায় বাইডেন ভোট পেয়েছেন ৫ লাখ ৮৮ হাজার ২৫২টি। আর বর্তমান প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ভোট পেয়েছেন ৫ লাখ ৮০ হাজার ৬০৫টি। অর্থাৎ ভোটের ব্যবধান মাত্র ৭ হাজার ৬৪৭। আর শতাংশের হিসাবে এই ব্যবধান শূন্য দশমিক ৬ শতাংশ। কিন্তু এই অঙ্গরাজ্যে এখনো ভোট গণনা বাকি প্রায় ১৪ শতাংশ। মার্কিন বিশ্লেষকেরা ধারণা করছেন, ফলাফল নির্ধারণে এই ভোট প্রভাব ফেলতে পারে। ফলে ফলাফল যেকোনো দিকেই ঘুরে যেতে পারে।

পেনসিলভিনিয়ায় ট্রাম্পের ব্যবধান আরো কমেছে। সেখানে ৯০ ভাগ ভোট গোনা শেষ হয়েছে বলে খবর। ট্রাম্প ১৬৪,৪১৪ ভোটে এগিয়ে আছেন। অ্যারিজোনায় বাইডেন প্রায় ৮০ হাজার ভোটে এগিয়ে আছেন।

নর্থ ক্যারোলিনায় বেশিরভাগ ভোট গণনা শেষ হয়েছে, তবে এখনও অল্প কিছু বাকি। ৭৭ হাজার ভোট নিয়ে অল্প ব্যবধানে এগিয়ে আছেন ট্রাম্প।

নেভাদার সেক্রেটারি অব স্টেট কমিউনিকেশন ডিরেক্টর জেনিফার রাসেল সিএনএনকে নিশ্চিত করেছেন, স্থানীয় সময় বৃহস্পতিবার বেলা ১২টায় (বাংলদেশ সময় শুক্রবার) এই রাজ্যের ভোট গণনার আপডেট জানাবেন তারা।

ট্রাম্পের পকেটে রয়েছে ২১৩টি ইলেকটোরার ভোট। আর জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা ও পেনসিলভিনিয়ায় এখনো এগিয়ে রয়েছেন তিনি। এই অঙ্গরাজ্যগুলোয় মোট ইলেকটোরাল ভোট ৫১টি। এর সঙ্গে যদি নেভাদার ৬টি ইলেকটোরাল ভোট যুক্ত হয়, তবে তার হয়ে যাবে ২৭০টি।