তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বক্তব্যের কড়া সমালোচনা করেছে ফ্রান্স। দেশটি এরদোয়ানের বক্তব্যকে ‘সহিংসতার ঘোষণা’ উল্লেখ করে আঙ্কারার বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে বলে খবর আলজাজিরার।
মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের জের ধরে ফ্রান্সে উগ্রবাদী মুসলিম যুবকের হাতে নিহত হন এক শিক্ষক। এরপর এ ধরনের ব্যঙ্গচিত্র প্রকাশ অব্যাহত রাখার ঘোষণা দেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ইসলামের প্রতি এমন মানসিকতার জন্য ম্যাক্রোঁর মানসিক চিকিৎসা দরকার বলে মন্তব্য করেন এরদোয়ান।
এ বক্তব্যের সমালোচনায় ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জিন-ইয়েভস লে দ্রিয়ান বলেন, ‘এরদোয়ান নিয়মিত যা বলছেন তা সহিংসতার ঘোষণা এবং ঘৃণা চর্চার শামিল। এজন্য শুধু যে ফ্রান্সকে লক্ষ্যবস্তু করা হচ্ছে তা নয়। পুরো ইউরোপের সংহতিকে আক্রমণ করা হচ্ছে। আমরা চাই তুরস্ক তাদের এই যুক্তি প্রত্যাহার করুক।’
তিনি আরও বলেন, ‘ইউরোপিয়ান কাউন্সিল ইতিমধ্যে তুরস্কের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এখন তুরস্কের জন্য নিষেধাজ্ঞা এড়ানোর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।’