শোভন কর্মপরিবেশ নিশ্চিতে ডাইফের ৪ এসওপি

শোভন কর্মপরিবেশ নিশ্চিত করতে বিষয়ভিত্তিক চার ধরনের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি) প্রণয়ন করেছে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডাইফ)। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এসওপিগুলো হলো শ্রম অভিযোগ ও তদন্ত, কারখানার লে-আউট প্ল্যান অনুমোদন, প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন ও লাইসেন্স প্রদান প্রক্রিয়া, পেশাগত দুর্ঘটনা ও তদন্ত সংক্রান্ত।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘শ্রম অভিযোগ ও তদন্ত’বিষয়ক এসওপিতে শ্রমসংক্রান্ত অভিযোগের প্রকারভেদ, অভিযোগ দাখিল পদ্ধতি, অভিযোগ তদন্ত পদ্ধতি, তদন্ত-পরবর্তী কার্যক্রম, অভিযোগের বিষয়সমূহ আলোচিত হয়েছে। ‘কারখানার লে-আউট প্ল্যান অনুমোদন’বিষয়ক এসওপিতে কারখানার লে-আউট প্ল্যান অনুমোদনের আবেদন প্রক্রিয়া, লে-আউট প্ল্যান অনুমোদন পদ্ধতি, কারখানার লে-আউটের সংশোধন অথবা সম্প্রসারণের জন্য লে-আউট প্ল্যান অনুমোদন প্রক্রিয়া ব্যাখ্যা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ‘প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন ও লাইসেন্স প্রদান প্রক্রিয়া’বিষয়ক এসওপিতে শ্রম আইন ও বিধিমালার আলোকে প্রতিষ্ঠানের নিবন্ধন ও লাইসেন্স প্রদান পদ্ধতি বিশদভাবে আলোচনা করা হয়েছে। এছাড়া ‘পেশাগত দুর্ঘটনা ও তদন্ত’বিষয়ক এসওপিতে কর্মক্ষেত্রে দুর্ঘটনার তদন্ত বা অনুসন্ধান পদ্ধতি, তদন্ত সম্পর্কিত কৌশল, দুর্ঘটনার কারণ নির্ণয় ও পরবর্তী করণীয়, দুর্ঘটনা তদন্ত চেকলিস্ট, দুর্ঘটনা তদন্ত প্রতিবেদনের নমুনা সংযুক্ত করা হয়েছে।