পশ্চিমবঙ্গের নেতাকর্মীদের ২০০ আসনের লক্ষ্য দিলেন অমিত

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি নেতাকর্মীদের ২০০ আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গ সফরে এসে বাঁকুড়ায় দলীয় বৈঠকে তিনি এ লক্ষ্যমাত্রা বেঁধে দেন।

হিন্দুস্তান টাইমস জানায়, পশ্চিমবঙ্গ বিধান সভায় ২৯৪ আসনের মধ্যে সরকার গঠনের জন্য দরকার ১৪৮টি আসন। লোকসভা ভোটের নিরিখে সেই দৌড়েও প্রায় ছুঁই ছুঁই বিজেপি। তবে বিজেপি দুই-তৃতীয়াংশ আসন নিয়ে সরকার গড়বে বলে মন্তব্য করেন অমিত শাহ।

তিনি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মৃত্যুঘণ্টা বেজে গেছে। সরকারের বিরুদ্ধে গণরোষ আমি পথে টের পেয়েছি।’

বিজেপি সূত্র জানায়, জঙ্গলমহল ও রাঢ়বঙ্গে দলের জনপ্রিয়তা দেখে আগামী বছর অনুষ্ঠেয় বিধানসভা নির্বাচনে ২০০ আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন শাহ। সেজন্য এখন থেকেই সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়তে বলেছেন দলীয় কর্মীদের।

এর আগে লোকসভা নির্বাচনেও দলের নেতাকর্মীদের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সবাইকে চমকে সেই লক্ষ্যমাত্রা প্রায় ছুঁয়ে ফেলেছিল বিজেপি। ১৮টি আসন নিয়ে পশ্চিমবঙ্গে এখন বিরোধী দল তারা।

রাজনৈতিক মহলের মতে, লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে বাড়তি লক্ষ্যমাত্রা দিয়েছেন শাহ। কারণ পশ্চিমবঙ্গে স্থায়ী সরকার গড়তে হলে দরকার অন্তত ১৬০টি আসন। ফলে ২০০ আসনের লক্ষ্যে পৌঁছতে না পারলেও মজবুত সরকার গড়ে ফেলবে বিজেপি।

আগামী বছর অনুষ্ঠিত হবে পশ্চিমবঙ্গের ২৯৪ আসনের বিধানসভা নির্বাচন। এ নির্বাচনে জয়ের জন্য ইতোমধ্যে মাঠে ঝাঁপিয়ে পড়েছে কেন্দ্রে ক্ষমতায় থাকা বিজেপি আর রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল। মূল লড়াইয়ে না থাকলেও আসন বাড়াতে মরিয়া সিপিএম এবং কংগ্রেসও।