উপনির্বাচন: ঢাকা-১৮

ধানের শীষে ভোট দিয়ে সরকারের দুর্নীতির জবাব দিন: নজরুল ইসলাম খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, সরকার ও সরকারি দলের দুর্নীতি, সন্ত্রাস ও অনিয়ম কর্মকাণ্ড যে আপনাদের পছন্দ না, তা বুঝিয়ে দিতে আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিতব্য উপনির্বাচনে ধানের শীষে ভোট দিন।

শুক্রবার উত্তরায় ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে বিএনপি প্রার্থী এস এম জাহাঙ্গীরের হাতে ধানের শীষ প্রতীক তুলে দিয়ে সংক্ষিপ্ত পথসভায় তিনি এ আহ্বান জানান। পরে নজরুল ইসলাম খান প্রার্থীসহ দলের নেতা–কর্মীদের নিয়ে ৯ নম্বর সেক্টরের বিভিন্ন সড়কে গণসংযোগ করেন।

এর আগে দুপুরে উত্তরা ৯ নম্বর সেক্টরে আমান জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন নেতাকর্মীরা। এরপর সংক্ষিপ্ত পথ সভায় বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের প্রধান সমন্বয়ক নজরুল ইসলাম খান বলেন, উত্তরাবাসীর সামনে একটা সুযোগ এসেছে, দেশে যা কিছু হচ্ছে, যা কিছু ঘটছে তা আমরা পছন্দ করি না- এ সবই বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে হচ্ছে। এর প্রতিবাদ জানানোর জন্য আপনাদের (ভোটার) উচিত হবে ভোট কেন্দ্রে যাওয়া।

তিনি বলেন, গত কয়েক দিন আগে ঢাকা-৫ আসনে ভোট হলো। শতকরা দশ ভাগ লোক গেছে সেখানে। শতকরা ৮ ভাগের মতো আওয়ামী লীগের লোক গেছে। সেখানে যদি শতকরা ১০ ভাগ বিএনপির লোক যেতো তাহলে তো আমরা জিততে পারতাম। কাজেই আপনারা যত সংখ্যক ভোট কেন্দ্রে যাবেন ততই ভোটের রেজাল্ট এই সরকারের বিপক্ষে।

এরপর এস এম জাহাঙ্গীরসহ নেতা-কর্মীদের নিয়ে নজরুল ইসলাম খান গণসংযোগ চালান। এ সময় তার সঙ্গে ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, হাবিবুর রহমান হাবিব, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, উত্তরের মেয়র প্রার্থী হিসেবে অনুষ্ঠিত সিটি নির্বাচনে অংশ নেয়া তাবিথ আউয়াল প্রমুখ।