সুদীপ্ত হত্যা মামলার আসামি মোক্তারকে চট্টগ্রাম আদালত ভবনে মারধরের মামলায় সাবেক ছাত্রলীগ নেতা সাইফুল আলম লিমনকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ। লিমন ছয় বছর আগে সিআরবির জোড়া খুন মামলার অন্যতম আসামি। গত বৃহস্পতিবার গভীর রাতে নগরীর সিআরবি এলাকা থেকে এক সহযোগীসহ লিমনকে গ্রেপ্তার করা হয়।
নগর গোয়েন্দা পুলিশের দক্ষিণ জোনের উপ-কমিশনার আলী হোসাইন জানান, ১২ অক্টোবর সকালে চট্টগ্রাম আদালত ভবনে একটি মারামারির ঘটনায় লিমনের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। এ জন্য ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। লিমনের সঙ্গে থাকা তার সহযোগী সজল দাশের (২৩) কাছে থাকা একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুজনকেই আসামি করে মামলা হয়েছে। লিমনের বিরুদ্ধে নগরীতে চাঁদাবাজি, কিশোর গ্যাং নিয়ন্ত্রণের অভিযোগও আছে।
উল্লেখ্য, ২০১৩ সালের ২৪ জুন চট্টগ্রামের সিআরবি এলাকায় রেলের দরপত্র জমা নিয়ে সে সময়ের কেন্দ্রীয় যুবলীগের সাবেক উপ-অর্থবিষয়ক সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবর ও তৎকালীন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক সাইফুল আলম লিমনের অনুসারীদের গোলাগুলিতে এক শিশুসহ বাবরের অনুসারী সাজু পালিত গুলিতে মারা যায়।