নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাত সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার ইলুমদী আমবাগ নামক এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে খাগকান্দা ইউনিয়ন যুবলীগ সভাপতি মাহবুবুর রহমানের ভাই আরমান হোসেন ইলুমদীর আমবাগ এলাকায় ডাকাতদলের কবলে পড়েন। এক পর্যায়ে অস্ত্রের মুখে জিম্মি করে তার মোটরবাইকটি ছিনিয়ে নেয় ডাকাতরা। তবে বাইকটি চালু না হওয়ায় পরে ডাকাতরা স্থান ত্যাগ করে সরে পড়ার চেষ্টা করে।
এসময় আরমান হোসেন ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে এসে ডাকাতদের ধাওয়া করে। এক পর্যায়ে একজনকে আটক করে ডাকাত দলের সদস্য সন্দেহে গণ পিটুনি দেয় স্থানীয় জনতা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, সন্দেহভাজন ডাকাত দলের এক সদস্য গণ পিটুনিতে নিহত হয়েছে। আমার ধারণা, ডাকাত দলের সদস্যদের অন্য কোনো উদ্দেশ্য ছিল। হয়তো বিদেশ ফেরত কোনো প্রবাসীর গাড়ির গতিরোধ করে ডাকাতির চিন্তা-ভাবনা ছিল। সেই চেষ্টা ব্যর্থ হওয়ায় মোটরসাইকেল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে তারা। তিনি আরও বলেন, মৃতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।