ঝালকাঠিতে স্কুলছাত্রীর ঘরে ঢুকে দ্বিতীয়বারের মতো ধর্ষণ, যুবক গ্রেপ্তার

ঝালকাঠির নলছিটিতে দ্বিতীয়বারের মতো ঘরে ঢুকে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মনির হোসেন (২২) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন গ্রামবাসী।

এ ঘটনায় শুক্রবার সকালে নলছিটি থানায় একটি মামলা দায়ের করেছেন কিশোরীর মা। বৃহস্পতিবার রাতে উপজেলার এক গ্রামে এ ঘটনা ঘটে। মনির একই গ্রামের খলিলুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত একটার দিকে মনির হোসেন তাদের প্রতিবেশী সপ্তম শ্রেণির ওই ছাত্রীর ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে। মেয়েটির চিৎকার শুনে পরিবারের লোকজন ও স্থানীয়রা এসে ধর্ষণকারীকে আটক করে। তাকে মারধর করে পরে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।

মামলা সূত্রে জানা গেছে, মনির এর আগেও গত ২৭ অক্টোবর রাতে ওই কিশোরীর ঘরের দরজা খুলে ভেতরে ঢুকে তাকে ধর্ষণ করে। মেয়েটি এ বিষয়ে তার বাবা মাকে জানালে তারা লোকলজ্জার ভয়ে বিষয়টি কাউকে জানাননি। এ সুযোগে পরবর্তীতে বৃহস্পতিবার রাতে মনির আবারও মেয়েটিকে ধর্ষণ করে। 

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম তালুকদার জানান, শুক্রবার সকালে মেয়েটির মা মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত আসামিকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।