মাদারীপুরে পাবলিক বিশ্ববিদ্যালয় নির্মাণে কাজ করছে সরকার: বাহাউদ্দিন নাসিম

মাদারীপুরে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় নির্মাণে বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন বাহাউদ্দিন নাসিম।

শনিবার দুপুরে মাদারীপুর শহরের ইটেরপুল নিজ বাসভবনে মাদারীপুর জেলার সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সাবেক এমপি আফম বাহাউদ্দিন নাছিম এ কথা বলেন।

বাহাউদ্দিন নাসিম আরও বলেন, যারা আওয়ামী লীগের বিপক্ষে কাজ করবে, আওয়ামী লীগের সম্মান নষ্ট করবে, আওয়ামী লীগের সঙ্গে থেকে আওয়ামী লীগের ক্ষতি করবে তাদের দল থেকে বাদ দেওয়া হবে।

তিনি আরও বলেন, শুদ্ধি অভিযান আওয়ামী লীগের সঙ্গে যারা জড়িত তাদের দিয়েই শুরু হয়েছে। ধাপেধাপে সকল দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে, সে যদি আওয়ামী লীগের কর্মীও হয়।

তিনি বলেন, বর্তমান সরকার মাদারীপুরে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় যাতে নির্মাণ হয়, সেই জন্য কাজ করে যাচ্ছে। আমরা আশাবাদী মাননীয় প্রধানমন্ত্রী মাদারীপুরবাসীকে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় নির্মাণ করে দেবেন।  পাশাপাশি কেউ যদি বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে চায়; সেখানেও আমরা সহযোগিতা করবো।

এ সময় আরও উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মো. শাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মাদারীপুর পৌরসভার মেয়র মো. খালিদ হোসেন ইয়াদ, জেলা ছাত্রলীগের সভাপতি মো. জাহিদ হোসেন অনিক, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বায়েজিদ হাওলাদার।