সিলেটে জমির বিরোধে এক ব্যক্তিকে কুপিয়ে খুন

সিলেটের কানাইঘাট উপজেলায় জমি ও পাওনা টাকার বিরোধের জেরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত নজরুল ইসলাম নজু (৫৫) উপজেলার এরালীগুল গ্রামের মৃত আকবর আলীর ছেলে।

এ ঘটনায় নিহতের ছেলে দেলওয়ার হোসেন বাদী হয়ে নিহত নজরুল ইসলাম নজুর ভাই ও ভাতিজাসহ ১৪ জনের বিরুদ্ধে কানাইঘাট থানায় হত্যা মামলা দায়ের করেছেন। গত শুক্রবার মধ্যরাতে উপজেলার লোহাজুরী গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ নিহতের ভাইসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে।

কানাইঘাট থানার ওসি মো. শামসুদ্দোহা মামলার বিবরণ উল্লেখ করে জানান, নিহত নজরুল ইসলাম নজুর সঙ্গে তার ভাই নুরুল ইসলাম ও ভাতিজা আলাউদ্দিনের বিরোধ রয়েছে। গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় লোহাজুরী মাদ্রাসার ওয়াজ মাহফিলে নজরুল ইসলাম নজুর সঙ্গে তার ভাতিজা আলা উদ্দিনের দেখা হয়। এ সময় তিনি পাওনা ১০ হাজার টাকা চাইলে আলা উদ্দিন তার চাচা নজরুল ইসলাম নজুকে তাদের বাড়িতে যেতে বলে। রাত সাড়ে ১১টার দিকে  নজরুল ইসলাম নজু ভাতিজা আলা উদ্দিনের কথামতো তাদের বাড়িতে যান। এরপর সেখানে তাকে আটক করা হয়।

একপর্যায়ে নজুর বড় ভাই নুরুল ইসলাম, ভাতিজা আলা উদ্দিন ও তাদের পক্ষের আরও লোকজন ধারালো অস্ত্র দিয়ে নজরুল ইসলাম নজুকে কুপিয়ে গুরুতর আহত অবস্থায় বাড়ির পাশে ফেলে যায়। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

হত্যাকাণ্ডের খবর পেয়ে কানাইঘাট থানা-পুলিশ রাতেই উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নিহতের ভাই নুরুল ইসলাম, মিকিরপাড়া গ্রামের সেলিম উদ্দিন ও তার ভাই শাহীন আহমদকে গ্রেপ্তার করেছে। নিহত নজরুল ইসলাম নজুর লাশের ময়নাতদন্ত শেষে শনিবার বিকেলে নিজ গ্রামে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।

ওসি আরও জানান, গ্রেপ্তার ৩ জনকে জিজ্ঞাসাবাদ চলছে। হত্যাকাণ্ডে জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।