শুল্ক ফাঁকি দিয়ে আনা পৌনে তিন কেজি ওজনের স্বর্ণ ও ৯২টি মোবাইল ফোনসহ পাঁচ যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ।
শনিবার ভোরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- মো. আমির হোসেন (৫০), মাহাবুব রহমান (৩৫), আব্দুর রহমান সরকার (৪৬), মো. জাকির হোসেন (৩০) ও আব্দুর রহমান (৩৮)।
জানতে চাইলে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. আলমগীর হোসেন দেশ রূপান্তরকে জানান- শনিবার ভোর পাঁচটায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুবাই থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন ওই পাঁচ যাত্রী। গ্রিন চ্যানেল পেরিয়ে যাওয়ার সময় সন্দেহ হওয়ায় এপিবিএন সদস্যরা তাদের জিজ্ঞাসাবাদ করেন। তাদের কথাবার্তা সন্দেহ হলে শরীর ও লাগেজ তল্লশী করে দুই কেজি ৬৭৫ গ্রাম স্বর্ণের বার এবং ৯২টি মোবাইল ফোন জব্দ করা হয়। যার মূল্য প্রায় ২ কোটি টাকা। এগুলো শুল্ক ফাঁকি দিয়ে আনা হয়।
তিনি আরও বলেন, আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে বিমানবন্দর থানায় মামলা হয়েছে। আসামি মো. আমির হোসেন ও মো. জাকির হোসেনের বাড়ি শরীয়তপুরের নড়িয়ায়। মাহাবুব রহমানের বাড়ি মুন্সিগঞ্জের জোরপুকুরে। আব্দুর রহমান সরকারের বাড়িও একই এলাকায়। আব্দুর রহমানের বাড়ি মধ্য কাজী কসবা মুন্সিগঞ্জ সদর।