মুগদার ক্লু-লেস লিমা হত্যা মামলার রহস্য উদ্‌ঘাটন, গ্রেপ্তার ১

রাজধানীর মুগদার দক্ষিণ মান্ডা এলাকায় ক্লু-লেস লিমা আক্তার হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন করেছে মুগদা থানা-পুলিশ। ঘটনার সঙ্গে যুক্ত মো. জহির ইসলাম নিলয় (২৪) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার মোগড়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মুগদা থানার ওসি প্রলয় কুমার সাহা জানান, গত ৪ নভেম্বর রাত সাড়ে ৯ টায় দক্ষিণ মান্ডা হিরু মিয়া রোডের আব্দুল হাকিম মোল্লার বাড়ির ৩য় তলা থেকে পচা দুর্গন্ধ বের হচ্ছে এবং ওই ফ্ল্যাটটি ৫/৬ দিন যাবৎ তালাবদ্ধ বলে মুগদা থানা-পুলিশ সংবাদ পায়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসার তালা ভেঙে বাসা থেকে একজন মহিলার পচা-গলা লাশ উদ্ধার করে। এরপর পুলিশ ওই মহিলার পরিচয় শনাক্ত করে জানতে পারে যে, তার নাম লিমা আক্তার।

ঘটনার পর তার বড় ভাই মো. সুমন কাজী ৫ নভেম্বর মুগদা থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

প্রলয় কুমার সাহা আরও জানান, প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কোন ক্লু খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে শুক্রবার মোগড়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে জহিরকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে ওসি জানান, গত মার্চে গ্রেপ্তারকৃতের সঙ্গে ভিকটিমের ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। পরিচয়ের একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ‍উঠে। গত ২৫ অক্টোবর তারা বিয়ে করে। বিয়ের পরদিন থেকেই তাদের মধ্যে মনোমালিন্য শুরু হয়। ঘটনার দিন ৩০ অক্টোবর রাত ১১ টায় ঝগড়াঝাঁটির একপর্যায়ে লিমার গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে নিলয়।