পৌনে ৫ লাখ টাকার জাল নোটসহ আটক ২

গাজীপুর সিটি করপোরেশনের বাসন মোগরখাল এলাকা থেকে ৪ লাখ ৮৪ হাজার টাকার জাল নোটসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার ভোর ৫টার দিকে গাজীপুর মেট্রোপলিটন বাসন থানা পুলিশ তাদের আটক করে। আটকরা হলো পটুয়াখালী জেলার গলাচিপা থানার রতনদি এলাকার মতিউর রহমানের ছেলে মুদি দোকানি শফিকুল ইসলাম (৩২) এবং ভোলা জেলার দক্ষিণ আইচা থানার চরমাইনকা এলাকার মৃত শাহ আলম ফরাজির ছেলে কাঁচামাল বিক্রেতা হাবিবুর রহমান (৪০) ওরফে হাবিবুল্লাহ। তারা বাসন থানার মোগরখাল এলাকায় ভাড়াবাসায় বসবাস করত।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার জাকির হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাসন থানার মোগরখাল এলাকার জনৈক বশির উদ্দিনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ভাড়াটিয়া শফিকুল ইসলামের কক্ষের তোষকের নিচ থেকে ৪ লাখ ৮৪ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। এর মধ্যে ১ হাজার টাকার ৩৭৭টি জাল নোট (৩ লাখ ৭৭ হাজার) এবং ৫০০ টাকার ২১৪টি জাল নোট (১ লাখ ৭ হাজার) রয়েছে। পরে শফিকুলের দেওয়া তথ্যের ভিত্তিতে ভোগরা বাইপাস এলাকার জনৈক সাখাওয়াতের বাড়ির ভাড়াটিয়া হাবিবুর রহমান ওরফে হাবিবুল্লাকে আটক করা হয়।