মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে গত ২৫ অক্টোবর সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশি শান্তিরক্ষী ল্যান্স করপোরাল মো. আব্দুল্লাহ আল মামুনের জানাজা গতকাল শনিবার ঢাকা সেনানিবাসের চপার্স ডেনে অনুষ্ঠিত হয়। গতকাল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এতে ঢাকা সেনানিবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সব পদবির সদস্যরা উপস্থিত ছিলেন। জানাজার পর সেনাবাহিনীপ্রধানের পক্ষে কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) লেফটেন্যান্ট জেনারেল মো. সামছুল হক শহীদের সম্মানে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর মরদেহ আর্মি এভিয়েশনের হেলিকপ্টারে তার বাড়ি সিরাজগঞ্জের বিন্দুপাড়া বিএ কলেজ রোডে পাঠানো হয়। সেখানে সামরিক মর্যাদায় তাকে দাফন করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে জাতিসংঘ মিশনে দায়িত্ব পালনকালে গত ২৫ অক্টোবর সড়ক দুর্ঘটনায় মারা যান মামুন। তার লাশ গত শুক্রবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।