বাইডেনকে অভিনন্দন, ট্রাম্পকে ধন্যবাদ নেতানিয়াহুর

নির্বাচিত হওয়া যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ধন্যবাদ জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেই সঙ্গে গত চার বছর ইসরায়েলের কল্যাণে অসাধারণ কিছু সিদ্ধান্ত নেওয়া বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

বাইডেনকে ইসরায়েলের অসাধারণ এক বন্ধু হিসেবে উল্লেখ করে টুইটারে পোস্ট করা শুভেচ্ছা বার্তায় নেতানিয়াহু লিখেছেন- “অভিনন্দন জো বাইডেন ও কমলা হ্যারিস। জো, প্রায় ৪০ বছর ধরে আমাদের মধ্যে একটা দীর্ঘ সময়ের উষ্ণ সম্পর্ক রয়েছে। আমি আপনাকে ইসরায়েলের অসাধারণ এক বন্ধু হিসেবে জানি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিশেষ এই বন্ধনকে আরও শক্তিশালী করতে আপনাদের দুজনের সঙ্গেই মুখিয়ে আছি আমি।”

দশ মিনিট পর বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে আরও একটি টুইট করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। তাতে লিখেছেন, “ইসরায়েল রাষ্ট্র ও আমার প্রতি ব্যক্তিগতভাবে যে বন্ধুত্ব দেখিয়েছেন সে জন্য ডোনাল্ড ট্রাম্প আপনাকে ধন্যবাদ।”

“আপনি জেরুজালেম ও গোলানকে স্বীকৃতি দিয়েছেন, ইরানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছেন, একাধিক ঐতিহাসিক শান্তি চুক্তি করিয়েছেন এবং আমেরিকান-ইসরায়েল অভূতপূর্ব উচ্চতায় নিয়ে গেছেন।”