রাজবাড়ীর গোয়ালন্দে ১২ বছর বছর বয়সী এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শনিবার গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করেছেন কিশোরীর বাবা।
মামলার এজহার সূত্রে জানা যায়, কিশোরীর বাবা দিনমজুরের কাজ করেন। কাজের কারণে শুক্রবার তিনি বাড়ির বাইরে ছিলেন। মা গবাদি পশুর জন্য মাঠে ঘাস কাটতে যান। শুক্রবার বিকেলে মেয়েটি তাদের বসতঘরে একাই ছিল। এ সুযোগে গোয়ালন্দ উপজেলার দক্ষিণ দৌলতদিয়া ইছাক মুন্সির পাড়া গ্রামের মো. নাছির শেখের ছেলে রফিক শেখ (২১) তাদের ঘরে প্রবেশ করে কিশোরীকে ধর্ষণ করেন। একপর্যায়ে মেয়েটির বাবা বাড়িতে এসে মেয়ের নাম ধরে ডাকলে অভিযুক্ত দরজা খুলে দৌড়ে পালিয়ে যায়।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর জানান, এ ঘটনায় রফিক শেখকে আসামি করে ওই কিশোরীর বাবা মামলা দায়ের করেছেন। মেয়েটির স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজবাড়ী সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।