যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন। এই নির্বাচনে তিনি উল্লেখযোগ্য সংখ্যক মুসলিমের ভোট পেয়েছেন বলে মনে করা হয়।
এদিকে প্রেসিডেন্ট নির্বাচনের বেশ আগে বাইডেনের নিজ মুখে বলা একটি হাদিস সামাজিক যোগাযোগ মাধ্যমে ফের ভাইরাল হয়েছে।
ভাইরাল ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘হজরত মোহাম্মদের একটি হাদিসে নির্দেশ করা হয়েছে- তোমাদের কেউ কোনো অন্যায় সংঘটিত হতে দেখলে সে যেন তা নিজ হাতে প্রতিরোধ করে। তা সম্ভব না হলে যেন মুখে প্রতিবাদ করে। যদি তাও সম্ভব না হয় তবে যেন মন থেকে ঘৃণা করে।’
তিনি বলেন, ‘আপনারা অনেকেই এই দীক্ষা নিয়ে জীবনধারণ করেন, এই বিশ্বাস আর নীতি নিয়ে যা যুক্তরাষ্ট্রের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।’
বাইডেন আরও বলেন, ‘আমার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার সৌভাগ্য হলে সবাই একসঙ্গে মিলে ভুলকে ঠিক করতে, পৃথিবীকে আরও সুন্দর করতে আমাদের হাত, আমাদের হৃদয় এবং আমাদের আশা দিয়ে কাজ করবো।’
খোঁজ নিয়ে দেখা যায়, গত ২০ জুলাই মুসলিম ভোটারদের আয়োজিত একটি সম্মেলনে ভার্চুয়াল বক্তৃতায় বাইডেন হাদিসের এই উদ্ধৃতি দেন।
প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মুসলিম নেতারা বাইডেনকে সমর্থন দেওয়ার পর Emgage Action নামে আমেরিকান মুসলিমদের একটি সংগঠন ওই সম্মেলনের আয়োজন করে।
ওই বক্তৃতার কিছু অংশ ওই সময়ে বিকৃত ব্যাখ্যা দিয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিলে বার্তা সংস্থা রয়টার্স ২৪ আগস্ট এ নিয়ে একটি ফ্যাক্ট চেক প্রতিবেদন করে।