ডি মারিয়া দ্যুতিতে পিএসজি’র জয়

চোটের কারণে দলে নেই নেইমার, কিলিয়ান এমবাপে ও মাউরো ইকার্দির মতো তারকারা। কিন্তু তাদের অভাব টের পেতে দেননি অ্যাঞ্জেল ডি মারিয়া। তার দুর্দান্ত নৈপুণ্যে লিগ ওয়ানে রেনেকে হারিয়ে জয়ের ধারা ধরে রেখেছে পিএসজি।

শনিবার রাতে নিজেদের মাঠে অনুষ্ঠিত ম্যাচটিতে ৩-০ ব্যবধানের জয় পায় টমাস টুখেলের দল। ময়েসে কিন শুরুতেই দলকে এগিয়ে নেওয়ার পর জোড়া গোল করে জয় নিশ্চিত করেন আর্জেন্টাইন তারকা ডি মারিয়া।

চোট ও অসুস্থতার কারণে পিএসজি’র শীর্ষ দলের অন্তত আটজন খেলোয়াড় মাঠের বাইরে রয়েছেন। তারকা খেলোয়াড়দের অনুপস্থিতিতে চ্যাম্পিয়নস লিগে সবশেষ ম্যাচে লাইপজিগের কাছে হারতে হয় প্যারিসের ক্লাবটিকে।

রেনের বিপক্ষে ম্যাচের একাদশ মিনিটে দলকে এগিয়ে নেন কিন। ২১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডি মারিয়া। ৭৩তম মিনিটে নিজের দ্বিতীয় ও দলীয় তৃতীয় গোল করেন আক্রমণভাগের এই ফুটবলার।

লিগে এটা পিএসজি’র টানা অষ্টম জয়। যদিও টানা দুই হার দিয়ে লিগ শুরু করেছিল দলটি। ১০ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে আছে এক ম্যাচ কম খেলা লিলে।