চট্টগ্রামের লালখান বাজার এলাকায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ছাড়া ওই নারীকে ধর্ষকের সঙ্গে বিয়ে দিতে কিছু বখাটে ওই গৃহবধূকে আটকে রেখে নির্যাতন চালায় বলে জানিয়েছে পুলিশ।
শনিবার নগরীর খুলশী থানার লালখান বাজার মতিঝর্ণা এলাকায় এই ঘটনা ঘটে।
এ ঘটনায় পুলিশ লালখান বাজার এবং ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে মনির হোসেন (৩৩) ও মাসুদ (২০), দিদার (২২) ও সোহেলকে (২৪) গ্রেপ্তার করেছে।
খুলশী থানার ওসি শাহীনুল ইসলাম জানান, ভিকটিম ও তার স্বামী আগে মতিঝর্ণা এলাকায় থাকতেন। প্রায় মাস খানেক আগে তারা বাসা ছেড়ে গ্রামের বাড়ি কুমিল্লায় চলে যান। সেখানে স্বামী স্ত্রীর মধ্যে মন মালিন্য হওয়ায় পূর্বপরিচিত প্রতিবেশী মনির গৃহবধূর স্বামীর সঙ্গে বিবাদ মিটমাট করে দেবে এমন আশ্বাস দিয়ে চট্টগ্রামে আসতে বলেন। শুক্রবার সন্ধ্যায় ওই নারীকে মনির তার বাসায় নিয়ে যায়। শনিবার সকালে মনিরের স্ত্রী চাকরিতে চলে গেলে ওই গৃহবধূকে ছুরির ভয় দেখিয়ে ধর্ষণ করে।
ওসি আরও বলেন, ওই গৃহবধূ মনিরের বাসা থেকে বের হয়ে তার স্বামীকে খুঁজতে বের হয়। দুপুরে মনিরের বাসায় ফেলে যাওয়া বোরকা আনতে গেলে সেখানে তাকে খারাপ অপবাদ দিয়ে এলাকার মুন্না, মাসুদ, দিদার ও সোহেলসহ মোট আটজন বখাটে তার সঙ্গে মনিরের বিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু সে রাজি না হওয়ায় তাকে মারধর করে এবং টাকা পয়সা ছিনিয়ে নেয়।
এদিকে, ধর্ষণের শিকার গৃহবধূ চমেক হাসপাতালে গেলে সেখান থেকে ঘটনা জানাজানি হয়। গৃহবধূ আটজনের বিরুদ্ধে মামলা দায়ের করে শনিবার রাতে।
পরে পুলিশ অভিযান চালিয়ে মূল আসামি মনিরসহ চারজনকে গ্রেপ্তার করে বলে জানান ওসি। এদিকে অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে জানিয়েছে পুলিশ।