দশ মাসের বকেয়া বেতনের দাবিতে ডিইপিজেডে শ্রমিকদের অবস্থান

আশুলিয়ায় ১০ মাসের বকেয়া বেতন পরিশোধ এবং হামলার বিচার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে এ ওয়ান লিমিটেড কারখানার শ্রমিকেরা।

রবিবার ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) মূল ফটকের সামনে এ ওয়ান কারখানার কয়েকশ শ্রমিক এই কর্মসূচিতে অংশ নেয়।

এ সময় আহত শ্রমিকদের ছবি ও বাংলা ইংরেজিতে নানা দাবি সংবলিত প্ল্যাকার্ডসহ ১০ মাসের বকেয়া বেতন এবং শ্রমিকদের ওপর হামলার বিচার দাবি করে তিন ঘণ্টাব্যাপী প্রতিবাদী অবস্থান করে তারা।

কর্মসূচিতে বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক সংহতির আশুলিয়া শাখার সাধারণ সম্পাদক জিয়াদুল ইসলাম, এ ওয়ানের শ্রমিক নেতা আশরাফ আলী, মোহাম্মদ উজ্জল, আলমগীর হোসেন, সুমি আক্তার ও মো নুরুসহ অনেকে।

বক্তারা বলেন, ইতালীয় নাগরিক আলিসান্ড্রা ফেরির মালিকানাধীন এ-ওয়ান বিডি কারখানার ১১ শ শ্রমিক গত ১০ মাসের বেতন না পেয়ে চরম দুর্দশার মধ্যে দিনাতিপাত করছে। এই ১০ মাসেও কারখানা বা বেপজা কর্তৃপক্ষ কিংবা সরকারের কোন মহলই শ্রমিকদের বেতন প্রদানের বিষয়ে দায়িত্ব গ্রহণ করেনি। এই করোনাকালে শ্রমিকেরা অনাহারে, ঋণের দায়ে পরিবার পরিজন নিয়ে নিদারুণ সংকটের মধ্যে দিনাতিপাত করছে।

বক্তারা আরও বলেন, দফায় দফায় কথা দিয়ে অবশেষে গত ২ নভেম্বর কারখানা নিলামে বিক্রি করে শ্রমিকদের পাওনা পরিশোধের কথা হয়। কিন্তু ব্যাংকের স্থগিতাদেশে নিলাম বন্ধ হয়ে যায়। এ ছাড়া নির্ধারিত তারিখে পাওনার বিষয় জানতে চাইলে বেপজা সিকিউরিটি এবং ইন্ডাস্টি«য়াল পুলিশ শ্রমিকের ওপর দফায় দফায় নির্মম নির্যাতন চালায়। 

বক্তারা প্রধানমন্ত্রী, বেপজা এবং ইতালিয়ান অ্যাম্বাসেডরের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত শ্রমিকদের বেতন পরিশোধের বিষয় সরকার এবং বেপজাকে বিশেষ উদ্যোগ গ্রহণ কারার আহ্বান জানান। প্রয়োজনে বেপজা বা সরকারের বিশেষ কল্যাণ ফান্ড থেকে শ্রমিকদের বেতন পরিশোধের উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান তারা। অন্যথায় পরিস্থিতি আরও খারাপ হলে তার দায়িত্ব বেপজা এবং সরকারকেই বহন করতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করে শ্রমিক নেতারা।