সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের দৌলতপুর বহুমুখী উচ্চবিদ্যালয় গেটের সামনে গতকাল রবিবার শিক্ষার্থীরা অবৈধভাবে ‘অ্যাসাইনমেন্ট প্রশ্ন’ বিক্রির প্রতিবাদে দিনভর বিক্ষোভ প্রদর্শন করেছে। এ ছাড়া তারা ভাঙচুর করেছে স্কুলের সহকারী প্রধান শিক্ষক শাহ আলমের একটি মোটরসাইকেল।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, মহামারী করোনার কারণে আগামী বছরের পরীক্ষা বিকল্প পদ্ধতিতে নেওয়ার জন্য স্কুল থেকে গত শনিবার প্রশ্নপত্র দিয়ে বাড়িতেই তা লিখে স্কুলে জমা দেওয়ার জন্য শিক্ষার্থীদের বলা হয়। এরই অংশ হিসেবে ওই দিন সকাল থেকে দুপুর পর্যন্ত বেলকুচি উপজেলার দৌলতপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ে ষষ্ঠ থেকে নবম শ্রেণির প্রায় ১ হাজার ৮০০ ছাত্রছাত্রীর মাঝে অ্যাসাইনমেন্ট প্রশ্ন বিতরণ করা হয়।
ওই স্কুলের প্রধান শিক্ষক তাপস কুমার মন্ডলের যোগসাজশে স্কুল পরিচালনা পরিষদের সভাপতি হাজি পিয়ার হোসেন পিয়ারের ছেলে রবিউল করিম তার কিন্ডার হলি চাইল্ড প্রি-ক্যাডেট স্কুল থেকে ছাত্রছাত্রীদের এ প্রশ্ন ১৫০ টাকা থেকে ২০০ টাকার বিনিময়ে বিতরণ করেন। ফলে দৌলতপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ক্ষুব্ধ হয়ে এর প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় শিক্ষক শাহ আলম ছাত্রছাত্রীদের ওপর চড়াও হলে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে তার মোটরসাইকেল ভাঙচুর করে। স্কুলের সভাপতির ছেলে রবিউল করিম বলেন, প্রধান শিক্ষকের নির্দেশে প্রশ্ন বাবদ ৬০-৬৫ টাকা করে নিয়েছি। স্কুলের প্রধান শিক্ষক তাপষ কুমার মন্ডল বলেন, আমরা ওই টাকা ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছি।