প্রথম টি-টোয়েন্টিতে ৮২ করেছিলেন বাবর আজম। গতকাল রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেও ৫১ রান করেছেন তিনি। দুটি ম্যাচেই সহজ জয় পেয়েছে পাকিস্তান। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ তারা জিতে নিয়েছে এক ম্যাচ হাতে রেখেই। গতকাল ২৯ বল হাতে রেখে ৮ উইকেটে জিম্বাবুয়েকে হারিয়েছে পাকিস্তান। আগে ব্যাট করে নির্ধারিত ওভারে ৭ উইকেটে ১৩৪ করেছিল সফরকারীরা। দলের পক্ষে ২২ বলে ৩২ রানে অপরাজিত ছিলেন রায়ান বুরি। স্বাগতিকদের পক্ষে হারিস রউফ এবং উসমান কাদির ৩টি করে উইকেট নেন। ১৩৫ রানের টার্গেটে খেলতে নেমে ২ উইকেটে লক্ষ্যে পৌঁছায় পাকিস্তান। ওপেনিংয়ে নেমে বাবর হাফ সেঞ্চুরি করার পর হায়দার আলি ৬৬ রানে অপরাজিত ছিলেন। পাকিস্তানের দুটি উইকেটই নিয়েছেন ব্লেজিং মুজারাবানি। সিরিজের শেষ টি-টোয়েন্টি আগামীকাল একই ভেন্যুতে।