জো বাইডেনের কাছে হারের পর ডোনাল্ড ট্রাম্প শিবির বিভক্ত হয়ে পড়েছে। স্ত্রী মেলানিয়া ট্রাম্প এবং জামাতা জারেদ কুশনার আগেই তাকে হার মেনে নেয়ার পরামর্শ দিয়েছেন। এই তালিকায় পক্ষে-বিপক্ষে যোগ দিয়েছেন আরও অনেকে।
নিজস্ব সূত্রের তথ্য উল্লেখ করে মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, দুইজন তাকে ফলাফল মেনে নিতে বললেও তার প্রাপ্তবয়স্ক ছেলেরা লড়াই চালিয়ে যেতে বলেছেন।
ট্রাম্প পরিবারের ঘনিষ্ঠ দুই ব্যক্তি সংবাদমাধ্যমটিকে বলেন, প্রেসিডেন্টের জামাতা এবং স্ত্রী ব্যক্তিগত আলাপে ট্রাম্পকে বলেছেন হার মেনে নেয়ার সময় এসেছে।
কিন্তু ট্রাম্পের বড় দুই ছেলে ডোনাল্ড জুনিয়র এবং এরিক তাদের জোটসঙ্গীদের মামলার দিকে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
ভোটের হিসাবে ধীরে ধীরে পিছিয়ে পড়ার সময় থেকে ট্রাম্প কারচুপির অভিযোগ তোলেন। সেই অভিযোগ এখনো তিনি বন্ধ করেননি। উদ্ভট সব দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত পোস্ট দিয়ে যাচ্ছেন।
ট্রাম্পের ক্যাম্পেইন মুখপাত্র জেসন মিলার আবার সিএনএনের খবরকে ‘অসত্য’ বলে দাবি করেছেন। তিনি জানিয়েছেন, কুশনার ট্রাম্পের সঙ্গে এ বিষয়ে কোনো কথাই বলেননি।
কিন্তু সিএনএন নিজেদের প্রতিবেদনের পক্ষে অবস্থান নিয়েছে। সোমবার সকালে সংবাদমাধ্যমটি জানিয়েছে, সূত্রের পক্ষে তাদের প্রমাণ আছে।
হোয়াইট হাউজের চিফ অব স্টাফ মার্ক মিডোস পরবর্তী আইনি পদক্ষেপের বিষয়ে শনিবার আলোচনা করেছেন। সম্প্রতি করোনায় আক্রান্ত হওয়া এই কর্মকর্তা টেলিফোনে আইনজীবীদের সঙ্গে কথা বলেন।