অনন্য মামুনের ‘সাইকো’ চলচ্চিত্রে দেখা যাবে পূজা চেরি ও জিয়াউল হক রোশানকে। সেই সিনেমার গান ‘তোর জন্য কত মায়া রে’র অংশ বিশেষ প্রকাশ হলো ইউটিউবে।
নেপালের মনোরম লোকেশন শুটিং হয়েছে গানটি। কণ্ঠ দিয়েছেন মাহমুদুল ইমরান ও কনা।
পরিচালক জানান, খুব কম তাপমাত্রায় শুটিং করেছেন তারা। অনেক কষ্ট সইতে হয়েছে নায়ক-নায়িকাকে।
অনন্য মামুন বলেন, “মাইনাস থ্রি-তে আমরা শুটিং করেছি, পূজা-রোশান কী কষ্ট করেছে আমি নিজে তার স্বাক্ষী… ছিলো না কোন রুম হিটার, গরম পানির ব্যবস্থা।”
আরও বলেন, “পূজা তোমার কষ্টে ছলছল করা চোখ দুটা এখনো আমার চোখের সামনে ভাসে। পূজা আমার চোখে দেখা ভালো মানুষ আর ভালো মানুষের জীবনে সাকসেস আসবেই। যেমন আছে তেমনি থেকো সারা জীবন।”
রোমান্টিকধর্মী ‘তোর জন্য কত মায়া রে’ লিখেছেন কবির বকুল। সুর ও সংগীত করেছেন ইমরান।
‘সাইকো’তে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, সুব্রত, ফারহান খান রিও, সঞ্চিতা দত্ত, জন জাহিদ, এল আর খান সীমান্তসহ অনেকে।
সিনেমাটি আই থিয়েটার নামের নতুন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে বলে জানা গেছে।