স্ত্রীর মুখে অ্যাসিড নিক্ষেপ করে পালিয়েছে সাবেক স্বামী

রাজধানীর মিরপুর টেকনিক্যালে সাবেক স্বামীর বিরুদ্ধে রহিমা বেগম (৪৫) নামে এক নারীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে।

দগ্ধ ওই নারীকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে ৬টার দিকে টেকনিক্যালে বারডেম হাসপাতালে এ ঘটনা ঘটে।

দগ্ধের ছোট বোনের জামাই মিরাজ হোসেন জানান, রহিমা বেগম কল্যাণপুর নতুন বাজার এলাকায় থাকেন। তার কোনো সন্তান নেই। তিন মাস আগে স্বামী আবদুল আলীর সঙ্গে ডিভোর্স হয় তার। এটি ছিল তাদের দুজনেরই দ্বিতীয় বিয়ে। রহিমা টেকনিক্যালে বারডেম হাসপাতালে আয়ার কাজ করেন। তার বাড়ি দিনাজপুর বিরল উপজেলায়।

তিনি জানান, হাসপাতালে নাইট ডিউটি শেষে সকালে রহিমা হাসপাতাল থেকে বের হন। রাস্তায় বের হওয়ার পরপরই তার সাবেক স্বামী আবদুল আলী তাকে অ্যাসিড নিক্ষেপ করে পালিয়ে যান। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল জানান, রহিমার মুখমণ্ডলসহ শরীরে ১২ শতাংশ দগ্ধ হয়েছে।