অমিতাভ বচ্চন ও অজয় দেবগন। একসঙ্গে বেশ কয়েকটি ছবি করেছেন তারা। পারিবারিক সম্পর্কও বেশ ভালো। এবার বলিউডের সবচেয়ে বড় সুপারস্টারকে পরিচালনা করবেন অজয়। তার প্রযোজিত ছবি ‘মে ডে’তে থাকছেন অমিতাভ বচ্চন।
এ ছবিতে অজয় থাকছেন পাইলটের চরিত্রে। তবে অমিতাভের চরিত্র সম্পর্কে এখনো জানা যায়নি।
শনিবার বলিউডের ট্রেড অ্যানালিস্ট ও ক্রিটিক তরণ আদর্শ টুইট করে এ ঘোষণা দেন। তরণের কথায়, ৭৮ বছরের মেগাস্টার অমিতাভকে পরিচালনা করার কথা ভেবেই দারুণ উচ্ছ্বসিত অজয়। বিগ বি-র সঙ্গে নিজেও স্ক্রিন শেয়ার করেছেন অভিনেতা। মানবিক ড্রামা হতে চলেছে এই ছবির বিষয়বস্তু।
অমিতাভ রয়েছেন ছবিতে এটা চূড়ান্ত। তবে আর কোন অভিনেতাদের দেখা যাবে তা এখনো ঠিক হয়নি। ডিসেম্বরে হায়দরাবাদে শুরু হবে শুটিং।
এর আগে আগ, সত্যাগ্রহ, খাকি, তিন পাত্তি, হাম কিসি সে কম নেহি ও মেজর সাহাবের মতো আলোচিত সিনেমায় অভিনয় করেন অমিতাভ-অজয়।
২০০৮ সালে পরিচালক হিসেবে প্রথম আত্মপ্রকাশ করেন অজয়, ছবির নাম ছিল ‘ইউ মি আউর হাম’। স্ত্রী কাজলের সঙ্গে এটি ছিল অজয়ের সপ্তম ছবি। এর পর ২০১৬ সালে ‘শিবাই’ ছবিতে নিজের পরিচালনায় অভিনয় করেন অজয়। এ অভিনেতাকে সর্বশেষ ‘তানাজি’তে দেখা গেছে। সম্প্রতি আমাজন প্রাইমের সঙ্গে এসেছেন বিশেষ চুক্তিতে। অন্যদিকে অমিতাভ এখন ‘কেবিসি ১২’ নিয়ে ব্যস্ত।