ব্রিটেনে চলতি মাসে ভ্যাকসিন প্রয়োগের পরিকল্পনা

আগামী তিন সপ্তাহের মধ্যে ভ্যাকসিন গ্রহণ করতে হাসপাতালগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে ব্রিটেন সরকার।

দেশটির জাতীয় স্বাস্থ্যসেবা সংস্থা এনএইচএসের প্রধান কর্মকর্তা সিনিয়র ম্যানেজারদের সঙ্গে বৈঠকের পর বিভিন্ন হাসপাতালে এই বার্তা পাঠান।

ব্রিটিশ গণমাধ্যম দ্য সান জানিয়েছে, চলতি মাসের মধ্যে স্বাস্থ্যকর্মী এবং ৮০ বছরের বেশি বয়সীদের ভ্যাকসিন দিতে চায় দেশটির সরকার।

প্রতিবেদনে বলা হয়েছে, সবাইকে ভ্যাকসিনের দুই ডোজ করে দেয়া হবে।

ব্রিটেনে অক্সফোর্ডসহ কয়েকটি প্রতিষ্ঠান ভ্যাকসিন তৈরির চেষ্টায় আছে। অক্সফোর্ডের ভ্যাকসিন এখন চূড়ান্ত বা তৃতীয় ধাপের ট্রায়ালের শেষ পর্যায়ে রয়েছে।

এখন ঠিক কোন ভ্যাকসিনটি দেয়ার পরিকল্পনা চলছে, সেটি জানা যায়নি।

করোনা ভ্যাকসিনের দৌড়ে যুক্তরাজ্যের পাশাপাশি এখন পর্যন্ত রাশিয়া, যুক্তরাষ্ট্র এবং চীন সবচেয়ে এগিয়ে। রাশিয়া জাতীয়ভাবে ভ্যাকসিনের অনুমোদন দিয়ে ব্যবহার শুরু করেছে।

চীনের চারটি ভ্যাকসিন তৃতীয় ধাপের ট্রায়ালে আছে। পৃথিবীর অন্য কোনো দেশ এত ভ্যাকসিন তৃতীয় ধাপের ট্রায়ালে নিতে পারেনি।

এর মধ্যে চীনা ন্যাশনাল বায়োটেক গ্রুপের তৈরি দুটি টিকা ও সিনোভ্যাকের একটি টিকা জরুরিভাবে নাগরিকদের ওপর ব্যবহারের অনুমোদন পেয়েছে। চতুর্থ আরেকটি টিকা সেনাসদস্যদের দেওয়ার জন্য সবুজ সংকেত পেয়েছে।