সেনাবাহিনীর ৪টি ইউনিটকে রেজিমেন্টাল কালার প্রদান

সেনাবাহিনীর চারটি ইউনিটের রেজিমেন্টাল কালার প্রদান অনুষ্ঠান সোমবার ১১ পদাতিক ডিভিশন, বগুড়ায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিওসি, আর্টডক লে. জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ।

বগুড়া সেনানিবাসের শহীদ লেফটেন্যান্ট বদিউজ্জামান প্যারেড গ্রাউন্ডে লে. জেনারেল এসএম শফিউদ্দিন উপস্থিত হলে ১১ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার, বগুড়া মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান তাকে অভ্যর্থনা জানান।

পরে প্যারেড কমান্ডার লে. কর্নেল মীর শাফকাত হোসাইনের নেতৃত্বে ১১ পদাতিক ডিভিশনের একটি সম্মিলিত চৌকস দল কুচকাওয়াজ প্রদর্শন এবং প্রধান অতিথিকে সালাম প্রদান করেন।

মহান স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদান, পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠায় নিরলস প্রচেষ্টা, দেশ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ অবদান এবং বিবিধ প্রশিক্ষণ ও অপারেশনাল কর্মকাণ্ডে সাফল্যের স্বীকৃতিস্বরূপ একটি ইউনিট বা রেজিমেন্টকে রেজিমেন্টাল কালার প্রদান করা হয়।

এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, ১০ মিডিয়াম রেজিমেন্ট আর্টিলারি, ২ সিগন্যাল ব্যাটালিয়ন এবং ৪ সিগন্যাল ব্যাটালিয়ন আজকের কালার প্যারেডে অংশগ্রহণ করে এবং সেনাবাহিনী প্রধানের পক্ষ হতে প্রধান অতিথির কাছ থেকে আনুষ্ঠানিকভাবে রেজিমেন্টাল পতাকা গ্রহণ করে।

রেজিমেন্টাল কালার প্রাপ্ত ইউনিটসমূহকে সেনাবাহিনী প্রধানের পক্ষ হতে অভিনন্দন জানান লে. জেনারেল এসএম শফিউদ্দিন।

তিনি বলেন, রেজিমেন্টাল কালার প্রাপ্তি যে কোনো ইউনিটের জন্য একটি বিরল সম্মান এবং পবিত্র আমানত। কর্মদক্ষতা, কঠোর পরিশ্রম ও কর্তব্যনিষ্ঠার স্বীকৃতিস্বরূপ প্রাপ্ত পতাকার মর্যাদা রক্ষা এবং দেশ মাতৃকার যে কোনো প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে ইউনিটসমূহকে প্রস্তুত থাকতে নির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা ও বিভিন্ন পদমর্যাদার সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।