মাঠে এলেও সাকিবের ফিটনেস পরীক্ষা হয়নি

নিষেধাজ্ঞা থেকে মুক্তির পর প্রিয় আঙিনা মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ফিরলেন সাকিব আল হাসান। মাঠে এসে হালকা কসরত করলেন, জিমেও খানিক সময় কাটালেন। তবে পূর্ব নির্ধারিত সূচিতে এদিন তার ফিটনেস পরীক্ষা হওয়ার কথা থাকলেও সেটি হয়নি।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ সামনে রেখে দুই দিন ব্যাপী (সোম ও মঙ্গলবার) ১১৩ ক্রিকেটারের ফিটনেস পরীক্ষা নেবে বিসিবি। সোমবার প্রথম দিনে প্রথম গ্রুপেই ছিল সাকিবের নাম। ফিজিও জুলিয়ান ক্যালেফাতোর সঙ্গে কথা বলতেও দেখা গেছে সাকিবকে। তবে শেষ পর্যন্ত এদিন এই অলারাউন্ডারের পরীক্ষা হয়নি।

এর কারণ হিসেবে বিসিবির ট্রেনার তুষার কান্তি হাওলাদার সংবাদমাধ্যমকে বলেন, ‘যাদের সঙ্গে সাকিবের বিপ টেস্ট হওয়ার কথা, তাদের কারো কোভিড পরীক্ষা করানো হয়নি। এটা একটা ভাবনার কারণ। এ ছাড়াও সে দীর্ঘদিন পর ফিরেছে। ফিজিও-ট্রেনাররা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করবেন। এ জন্যও একটু সময় লাগবে।’

বুধবার সাকিবের ফিটনেস টেস্ট হতে পারে বলে জানান বিসিবির ট্রেনার তুষার।

নিষেধাজ্ঞা থেকে মুক্তির পর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপই হবে সাকিবের প্রথম প্রতিযোগিতামূলক আসর। যে আসরে অংশ নিতে গত ৫ নভেম্বর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন সাকিব।

আরো পড়ুন:

৩৭৬ দিন পর সাকিবকে পেল মিরপুর