স্কুলছাত্রীকে হত্যার দায়ে যুবকের আমৃত্যু কারাদণ্ড

কুড়িগ্রামের রৌমারীতে স্কুলছাত্রীকে হত্যার দায়ে আনোয়ারুল ইসলাম নামে এক যুবকের আমৃত্যু কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। সোমবার দুপুরে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আব্দুল মান্নান এ রায় প্রদান করেন।

আদালত সূত্রে জানা গেছে, মেয়েটির বাড়ি রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের বোয়ালমারী গ্রামে। সে শৌলমারী এম আর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিল। ওই সময়  আনোয়ারুল নামে একই এলাকার এক যুবক, তাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। এতে সাড়া না দেওয়া এবং প্রতিবাদ করায় ২০১৫ সালের ১৪ জুন আরজিনা খাতুনকে তার  বাড়িতে জবাই করে হত্যা করে হত্যা করে। ওই ছাত্রীর মা বাইরে কাজ সেরে বাড়িতে ফিরে এসে মেয়ের গলাকাটা লাশ দেখতে পান। পরে নিহত আরজিনা খাতুনের মা সাজেদা খাতুন বাদী হয়ে রৌমারী থানায় একটি হত্যা মামলা দায়ের করে। দীর্ঘ শুনানির পর, সোমবার দুপুরে এ মামলার রায় দেওয়া হয়।

মামলায় সরকার পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আব্রাহাম লিংকন এবং আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট ফখরুল ইসলাম।