যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের মেয়ে অ্যাশলে বাইডেন। বাবার বিজয়ে দারুণ খুশি তিনি। খুশিতে মঞ্চে উঠে নেচেছেনও অনেক। তার সেই নাচের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।
শনিবার নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিসের জন্য আয়োজিত এক অনুষ্ঠানে দুই পরিবারের সবাই উপস্থিত ছিলেন। সেখানে তারা পরস্পরকে জড়িয়ে ধরেন, হাততালি দেন। উপস্থিত জনতার উদ্দেশে হাত নাড়েন। যা রাজনৈতিক দলগুলোর পরিবার বরাবরই করে থাকে।
এদের মধ্যে ব্যতিক্রম ছিলেন ৩৯ বছর বয়সী অ্যাশলে বাইডেন। তিনি জো বাইডেনের একমাত্র মেয়ে। সমাজসেবাসহ নানা জনহিতৈষী কাজে নিজেকে তিনি নিয়োজিত রেখেছেন। তার মা জিলি বাইডেন একজন শিক্ষিকা।
আলোকিত সেই মঞ্চে বাদ্যের তালে তালে নেচেই যাচ্ছিলেন অ্যাশলে। তার মা জিলি বাইডেন পর্যন্ত পরে টুইট করেছেন, আমার মেয়ের নাচ যেন থামতেই চাইছে না।
নেটিজেনদের মধ্যেও বেশ জনপ্রিয়তা পায় তার নাচ। টুইটারে ছড়েয় পড়ে নাচের সেই ভিডিও। এ সময় অ্যাশলে একটি কালো পোশাক ও চিতার প্রিন্টের মাস্ক পরে এসেছিলেন। মঞ্চ ঘুরে ঘুরে তার নাচ চলল দীর্ঘক্ষণ।