আর পেনাল্টি শটই নেবেন না ইব্রা

ইনজুরি সময় গোল করে ভেরোনার কাছে পরাজয় ঠেকিয়েছেন জøাতান ইব্রাহিমোভিচ। এতে ২-২ গোলে ড্র করেও সিরি আ’র শীর্ষস্থান টিকিয়ে রাখতে পেরেছে এসি মিলান (৭ ম্যাচে ১৭ পয়েন্ট)। তারপরও নিজের ওপর ক্ষুব্ধ ইব্রা। কারণ পেনাল্টি থেকে এবারও গোল করতে পারেননি তিনি। পারলে জিতে যায় দল। ইন্টারনেট।

সান সিরোতে ম্যাচের ১৯ মিনিটের মধ্যে দুই গোলে পিছিয়ে পড়েছিল মিলান। যার একটি আবার ছিল আত্মঘাতী। ২৭ মিনিটে একটি গোল শোধ দেয়, সেটিও ছিল আত্মঘাতী। ৬৬ মিনিটে পেনাল্টি পায় এসি মিলান। কিন্তু মিস করেন ইব্রাহিমোভিচ। মৌসুমে তৃতীয়বারের মতো পেনাল্টি মিস করলেন তিনি। ‘অবশ্যই আমি রেগে আছি। ড্র মোটেই ভালো ফলাফল নয়। আমরা অনেক সুযোগ পেয়েছি, আমি পেনাল্টিও মিস করেছি। এরপর পেনাল্টি পেলে (ফ্রাঙ্ক) কেসিকে নিতে দেব।’

ম্যানসিটি ১:১ লিভারপুল : ইংলিশ প্রিমিয়ার লিগে রবিবার ম্যানচেস্টার সিটির বিপক্ষে অতিথি লিভারপুলও এগিয়ে গিয়েছিল পেনাল্টি থেকে। ১৩ মিনিট স্পটকিক থেকে গোল করেন মোহামেদ সালাহ। তবে ৩১ মিনিটেই গ্যাব্রিয়েল জেসুস সমতায় ফেরান স্বাগতিকদের। 

কেইনের ১৫০ : রবিবার ব্রমউইচের বিপক্ষে ম্যাচের একমাত্র গোলটি করেন টটেনহ্যাম অধিনায়ক হ্যারি কেইন। ইপিএলে এটি ছিল তার ১৫০তম গোল। লিগে কেইন ম্যাচ খেলেছেন ২২৮টি। পরে টুইটে কেইন লেখেন, ‘জয় এবং প্রিমিয়ার লিগে আমার ১৫০তম গোল...নিখুঁত একটি বিকেল।’

শীর্ষে লেস্টার : লিভারপুল ড্র করে সুযোগ হারানোয় উলভসকে ১-০ গোলে হারিয়ে ইপিএলের শীর্ষে উঠে এসেছে লেস্টার সিটি। তার আগে টটেনহ্যাম ব্রমউইচকে ১-০ গোলে হারিয়ে কিছু সময়ের জন্য শীর্ষে ছিল। নিজেদের মাঠে লেস্টারের হয়ে জয়সূচক গোলটি করেন জিমি ভার্ডি।