রাজধানীতে সাবেক স্বামীর ছোড়া এসিডে দগ্ধ নারী

রাজধানীর মিরপুরে সাবেক স্বামীর বিরুদ্ধে রহিমা বেগম (৪৫) নামে এক নারীকে এসিড ছুড়ে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৬টার দিকে টেকনিক্যালে বারডেম হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। দগ্ধ ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধ ওই নারীর ছোট বোনের জামাই মিরাজ হোসেন দেশ রূপান্তরকে জানান, রহিমা বেগম কল্যাণপুর নতুন বাজার এলাকায় থাকেন। তার কোনো সন্তান নেই। তিন মাস আগে স্বামী আবদুল আলীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় তার। এটি ছিল তাদের দুজনেরই দ্বিতীয় বিয়ে। রহিমা টেকনিক্যালে বারডেম হাসপাতালে আয়ার কাজ করেন। তার বাড়ি দিনাজপুরের বিরলে।

মিরাজ হোসেন বলেন, রাতের পালায় দায়িত্ব পালন শেষে সকালে রহিমা হাসপাতাল থেকে বের হন। রাস্তায় বের হওয়ার পরপরই সাবেক স্বামী আবদুল আলী তাকে এসিড নিক্ষেপ করে পালিয়ে যান। খবর পেয়ে স্বজনরা রহিমাকে উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করেন।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল দেশ রূপান্তরকে জানান, এসিডে রহিমার মুখমণ্ডলসহ শরীরের ১২ শতাংশ দগ্ধ হয়েছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, রহিমার ওপর হামলার বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।