লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে আবু ইউনুস মো. শহিদুন্নবী জুয়েলকে (৫০) পিটিয়ে ও পরে আগুনে পুড়িয়ে হত্যা মামলায় গতকাল সোমবার আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে প্রধান আসামি আবুল হোসেনকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল সোমবার মামলার তদন্তকারী কর্মকর্তা লালমনিরহাটের আমলি আদালত-৩ এর বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফেরদৌসি বেগমের আদালতে পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করা হয়। এদিকে লালমনিরহাট জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি আজ মঙ্গলবার তদন্ত প্রতিবেদন জমা দেবে বলে জানা গেছে।
গতকাল গ্রেপ্তারকৃতরা হলেন পাটগ্রাম উপজেলার বুড়িমারী এলাকার রবিউল ইসলাম (৪৮) ও সুজন মিয়া (২১)। এনিয়ে তিনটি মামলায় মোট ৩১ আসামি গ্রেপ্তার হলো। ৩১ আসামির মধ্যে মসজিদের খাদেমসহ তিনজন ইতিমধ্যেই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।