বাংলাদেশিদের পাচার চেষ্টার ঘটনায় লরি ড্রাইভারের কারাদণ্ড

লরিতে করে ঝুঁকিপূর্ণভাবে দুই বাংলাদেশি অভিবাসীকে ব্রিটেন থেকে পাচারের সময় গ্রেপ্তার হওয়া সেই রোমানিয়ান ড্রাইভারকে আড়াই বছরের কারাদণ্ড দিয়েছে ব্রিটিশ আদালত।

গত এক অক্টোবর ওই লরিতে করে বাংলাদেশিদের পাশাপাশি ভারত এবং মিশরের আরও দুই নাগরিককে অভিযুক্ত ড্রাইভার পাচারের চেষ্টা চালান।

ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সির বিবৃতি অনুযায়ী, চারজনই পুরুষ যাত্রী। তাদেরকে ব্রিটেন থেকে বের করার উদ্দেশ্য ছিল চালকের।

ব্রিটিশ গণমাধ্যমগুলো জানিয়েছে, ডোভার বন্দরের ঠিক বাইরে পুলিশ গাড়িটি থামায়। এসময় গাড়ির পেছনের ট্রেলারে ওই চারজনকে পাওয়া যায়।

তদন্ত কর্মকর্তাদের ধারণা, অভিবাসীরা অবৈধভাবে ব্রিটেনে ঢুকেছিলেন।

 ‘অবৈধ অভিবাসীদের’ সুযোগ দেয়ার অভিযোগে ৩৭ বছর বয়সী ওই ড্রাইভারকে তখন গ্রেপ্তার দেখায় পুলিশ। পরে অভিযুক্ত করা হয়।

এনসিএ ব্রাঞ্চের কমান্ডার অ্যান্ডি নয়েস বলেছেন,  ‘অপরাধীরা মানুষ পাচারের সময় তাদের সুরক্ষা অথবা যানবাহনের নিরাপত্তা নিয়ে কোনো চিন্তাই করে না। মানুষগুলোকে তারা শুধুমাত্র পণ্য হিসেবে বিবেচনা করে।’

‘এই কার্যক্রম থামাতে আমরা কাজ করে যাচ্ছি।’

‘নিঃসন্দেহে একটি বিপজ্জনক যাত্রা থেকে এ ক্ষেত্রে চারজনকে থামানো হয়েছে।’

ফ্রান্স থেকে জীবনের ঝুঁকি নিয়ে ইংলিশ চ্যানেল পার হয়ে প্রতিবছর হাজার-হাজার মানুষ ব্রিটেনে পাড়ি দেন। চলতি বছরের আগস্ট পর্যন্তই নৌকায় করে দেশটিতে গেছেন প্রায় ৫ হাজার মানুষ।

করোনার ভেতরে গত সেপ্টেম্বরে অভিবাসী পাচারে রীতিমতো রেকর্ড হয়েছে। এই মাসে ছোট নৌকায় ১ হাজার ৮৮০ জন অবৈধভাবে প্রবেশ করেন!