মডেল-অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের জন্মদিন মঙ্গলবার। এ দিনে তাকে চমকে দিয়েছে পরিবার ও বন্ধুরা।
কাছের মানুষদের সঙ্গে দিনটি কাটাচ্ছেন এই লাক্স তারকা। মঙ্গলবার দুপুরে নিজের চারটি ছবি শেয়ার করেন ফেইসবুকে। জন্মদিন উপলক্ষে বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে ঘর, তার মাঝে ফুটে আছেন মিম। একটি ছবিতে কেকের সামনেও দেখা যায় তাকে।
ক্যাপশনে মিম জানান, তাকে দারুণভাবে চমকে দিয়েছে সবাই। এমন বন্ধু ও পরিবার পাওয়া তার কাছে আশীর্বাদের মতো।
১৯৯২ সালের ১০ নভেম্বর জন্ম মিমের। ২০০৭ সালে ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’-এর মুকুট জয় করে শোবিজে পা রাখেন তিনি। পুরস্কার হিসেবে সুযোগ পান হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ চলচ্চিত্রে।
এর কয়েক বছরের মধ্যে টেলিভিশনের অন্যতম নায়িকায় পরিণত হন। অবশ্য হালে তার নজর শুধু চলচ্চিত্রে।
মিমের হাতে থাকা ছবির মধ্যে আছে পরাণ ও ইত্তেফাক। দুটোরই পরিচালক রায়হান রাফি। এর মধ্যে প্রথম সিনেমাটির কাজ শেষ। শিগগিরই শুরু হবে প্রচারণা।
করোনার আবহে অনেক দিন শুটিং দেখে দূরে ছিলেন। মাঝে সামান্য কিছু কাজ করলেও চলতি মাসের শেষ দিকে ক্যামেরার সামনে নিয়মিত হবেন।