করোনায় ফিলিস্তিনের শীর্ষস্থানীয় নেতা সায়েব ইরাকাতের মৃত্যু

নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মঙ্গলবার মারা গেলেন ফিলিস্তিনের অন্যতম শীর্ষ নেতা সায়েব ইরাকাত। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

আলজাজিরা জানায়, ফিলিস্তিনের শান্তি আলোচক এবং আন্তর্জাতিকভাবে দেশটির প্রধানতম মুখপাত্র হিসেবে পরিচিত ছিলেন ইরাকাত।

কয়েক সপ্তাহ আগে করোনায় আক্রান্ত হন ফাতাহ পার্টির এ নেতা, যার দখল সামলিয়ে উঠতে পারেননি তিনি।

তিন দশকেরও বেশি সময়ে ধরে ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনের শান্তি আলোচনায় প্রধানতম প্রতিনিধি ছিলেন ইরাকাত। দুই দেশের মধ্যে ১৯৯১ সালে ঐতিহাসিক মাদ্রিদ কনফারেন্সেও বড় ভূমিকা পালন করেন তিনি।

ফিলিস্তিনি জাতীয়তাবাদের প্রতীক সাদা-কালো রঙের স্কার্ফ পরিধান করে আন্তর্জাতিকভাবে সুপরিচিত হয়ে উঠেছিলেন ইরাকাত।

ফাতাহ পার্টি এক বিবৃতিতে ইরাকাতের মৃত্যুর বিষয়টি জানায়। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে, যমজ মেয়ে এবং আট নাতি-নাতনি রেখে যান তিনি।