রাজধানীর উত্তরায় নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে রুবেল হোসেন (২৭) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের সহকর্মী মো. হোসেন জানান, রুবেল ভোলা সদর উপজেলার চড়পাঙ্গাশিয়া গ্রামের শাহআলমের ছেলে। সে কুড়িল বিশ্বরোড এলাকায় থাকত।
তিনি বলেন, রুবেল স্যানিটারি মিস্ত্রির কাজ করত। তারা উত্তরা ১১নম্বর সেক্টরের ১১নম্বর রোডে নির্মাণাধীন ১০তলা ভবনের ৫তলায় কাজ করছিল। কাজ করার সময় সেখান থেকে নিচে পড়ে যায় রুবেল। কিন্তু কীভাবে নিচে পরে গিয়েছে তা জানাতে পারেনি সহকর্মীরা।
ভবনের নিচে তাকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক দুপুর আড়াটার দিকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।