মোয়াজ্জিনের বিরুদ্ধে ছাত্রকে বলাৎকারের অভিযোগ

দিনাজপুর হাকিমপুরের হিলিবাজারে একটি মসজিদের মোয়াজ্জিন ইব্রাহিম হোসেন (২৫)-এর বিরুদ্ধে এক ছাত্রকে (৮) বলাৎকারের ঘটনা ঘটেছে। এ দিকে ওই ঘটনার পর থেকে মোয়াজ্জিনকে বাড়ি পাঠিয়ে দিয়েছে মসজিদ কর্তৃপক্ষ।

মঙ্গলবার দুপুরে বাদ যোহর হিলি বাজারের একটি জামে মসজিদের দোতলায় ওই ঘটনাটি ঘটে। ওই মোয়াজ্জিন হিলির ছাতনি গ্রামের আবু তাহেরের ছেলে।

ওই ছাত্র ও তার মা বলেন, আমার ছেলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং ওই মোয়াজ্জিনের কাছেই নামাজ শেষে আরবি পড়ত। এর আগেও সে আমার ছেলেকে মসজিদের দোতলায় একটি ঘরে নিয়ে নির্যাতন করে। বাড়িতে এসে আমার ছেলে আমাকে ঘটনাটি জানায়। আমার ছেলে সারা রাত ঘুমাতে পারেনি। পরে আমরা মসজিদে গিয়ে এর প্রতিবাদ করি। এ সময় মসজিদ কমিটির লোকজন বলে আমরা বিচার করবো আপনারা বাসায় যান। আমরা সে মোতাবেক ছেলেকে নিয়ে বাসায় চলে এসেছি। আমরা এই ঘটনার বিচার চাই, আজকে এই ছেলের সঙ্গে করেছে কালকে আরেকটা ছেলের সঙ্গে করবে। 

ওই মসজিদের খাদেম দবির উদ্দিন বলেন, ওই ঘটনা সব মীমাংসা হয়ে এসেছে, আপনারা কেন বাড়াবাড়ি করছেন! সেই মোয়াজ্জিনও তার বাড়িতে চলে গেছে।

হাকিমপুর থানার ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, এমন কোন ঘটনার তথ্য আমাদের জানা নেই, বা কেউ আমাদের নিকট অভিযোগও দেয়নি। তারপরেও আমরা বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করবো।