আধিপত্য বিস্তারের ২ পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ৯

নড়াইলের কালিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে রায়হান ফকির রানা (২৫) নামে একজন নিহত হয়েছেন। এ সময় উভয়পক্ষের অন্তত ৯ জন আহত হয়েছেন।

মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলার মূলখানা গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে। রানা ওই গ্রামের ফায়েক ফকিরের ছেলে এবং বেসরকারি একটি কোম্পানিতে চাকরি করতেন।

স্থানীয়রা জানান, মূলখানা গ্রামে সবুর ফকির গ্রুপ ও মান্নান-মিল্টন গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গতকাল বেলা ১২টার দিকে মূলখানা মাদ্রাসা সংলগ্ন এলাকায় দু’গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে রানা, মশিয়ার চৌকিদার, চাঁন মিয়া, নাসির শেখ ও আরজ আলী ফকিরসহ অন্তত ১০ জন আহত হন। মুমূর্ষু অবস্থায় তাদের গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রানাকে মৃত ঘোষণা করেন। রানা সবুর ফকির গ্রুপের সমর্থক ছিলেন বলে জানিয়েছেন এলাকাবাসী।

ঘটনাস্থল থেকে মান্নান-মিল্টন গ্রুপের মূলখানা গ্রামের জালাল সিকদার ও কলাবড়ীয়া গ্রামের আলামিন শেখকে পুলিশ আটক করেছে। সংঘর্ষে রানা নামে এক যুবক নিহত হয়েছেন জানিয়ে নড়াগাতী থানার ওসি রোকসানা খাতুন বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।